আলাস্কায় নিখোঁজ হওয়া এক হাইকারকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। বুধবার তাকে উদ্ধার করা হয়। খবর সিএনএন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একাধিক ভালুকের হাতে পড়েছিলেন। এই অবস্থা থেকে আশ্চর্যভাবে বেঁচে ফেরেন ফিনা কেইফার নামের এই ৫৫ বছর বয়সী হাইকার। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় তার নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়।
বিপদে পড়ে স্বামীকে সাহায্যের জন্য ফোন করেন কেইফার। তার স্বামী বিষয়টি অবহিত করেন আলাস্কা জননিরাপত্তা বিভাগকে।
কেইফার আলাস্কার বুত্তের পাইওনিয়ার রিজ ট্রেইলে হাইকিং শুরু করেন। দ্রুত সাহায্য চাওয়ার সময় এই হাইকার তার স্বামীকে জানান, তিনি কয়েকটি ভালুকের আক্রমণের শিকার হয়েছেন এবং ভালুক তাড়ানোর স্প্রের সাহায্যে তাদের হাত থেকে উদ্ধার পান। এরপর তার ফোন কল এবং টেক্সট মেসেজ দেওয়া বন্ধ হয়ে যায়।
পরে আলাস্কা রাজ্য সৈনিক ও স্বেচ্ছাসেবক দল ট্রেইলের স্থানে গিয়ে কেইফারকে খোঁজা শুরু করেন। এমনকি মঙ্গলবার ও বুধবার তাকে উদ্ধারের জন্য ওই স্থানটিতে আকাশ থেকেও অনুসন্ধান করা হয়।
বাজে আবহাওয়ার জন্য বুধবার সাময়িক সময়ের জন্য এই সন্ধান কার্যক্রম স্থগিত থাকে। স্বেচ্ছাসেবক দলের এক সদস্য ট্রেইলহেড থেকে এক মাইল দূরে বনের মধ্যে কেইফারের পদচিহ্ন খুঁজে পান। সেই চিহ্ন ধরে উদ্ধার করা এই হাইকারকে।
কেইফারকে উদ্ধারের পর পাশের এক হাসপাতালে নেওয়া হয়েছে। শরীরের বেশ কয়েকটি জায়গায় জখম হয়েছে তার।