মাদারীপুরে প্রশিক্ষণের বকেয়া ভাতার দাবি শিক্ষকদের

মাদারীপুরে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণের বকেয়া ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চরমুগরিয়া এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন পিটিআইর ৪৫৬ জন প্রশিক্ষণার্থী।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ডিপিএড প্রশিক্ষণার্থীরা পিটিআইতে সশরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে করোনার কারণে ২১ এপ্রিল ২০২০ তারিখ থেকে অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ, মোবাইল ফোন, অধিক খরচে ইন্টারনেট ক্রয়সহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে অর্থ ব্যয় করতে হয়। তাছাড়া ১ম, ২য় এবং ৩য় টার্মে সশরীরে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। বর্তমানে ৪র্থ টার্ম চলমান।

মানববন্ধন শেষে মাদারীপুর পিটিআইর সুপারিনটেনডেন্ট মো. আতোয়ার রহমান বিশ্বাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।