চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি বার্মা সাইফুল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ও গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোডে কথিত বন্দুকযুদ্ধের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. সাইফুল আলম ওরফে বার্মা সাইফুল (৩৫) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রাতে এশিয়ান হাইওয়ে লিংক রোডে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির গেইটসংলগ্ন এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে তিনটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। সেখানে দুটি মোটরসাইকেল দ্রুত চেকপোস্ট এড়িয়ে চলে গেলেও একটি মোটরসাইকেল রাস্তায় ফেলে দুই যুবক পাহাড়ের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির পর পাহাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। সাইফুলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, বার্মা সাইফুলের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। সাইফুল ও তার ভাইয়েরা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, জায়গা দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। সাইফুলের ভাই সাইদুল ও সবুজের বিরুদ্ধে ১৮ ও ২১টি করে মামলা আছে।