বিয়েবাড়ির জেনারেটর বন্ধ করতে গিয়ে তরুণের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে জেনারেটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমান উল্লাহ (২৩) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কানুনগোখীল  এলাকায় বিয়েবাড়ির জেনারেটর বন্ধ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমান উল্লাহ দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখীল মিয়াজাইন্যার বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সর‌লের কানুন‌গোখীল এলাকার আবুল মেম্বারের ছোট ভাই প্রবাসী আবু ছালেকের বিয়েতে কাজ করছিলেন আমান উল্লাহ। শুক্রবার ভোর ৫টার দিকে জেনারেটর বন্ধ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আমান উল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার দায়িত্বরত কর্মকর্তা ব‌লেন, ঘটনাটি সম্পর্কে অবগত হলেও কেউ এখনো অভিযোগ করেননি।