করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে ভারতে এসে ১৮ মাস ধরে আটকে পড়েছিল ৫ বছরের এক কন্যাশিশু। কিন্তু তার মা-বাবা ছিল অস্ট্রেলিয়ায়। অবশেষে সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সে তার মায়ের কাছে ফিরতে পেরেছে।
জোহান্না নামের কন্যাশিশুটি ভারতে তার দাদা-দাদীর কাছে এসে করোনা মহামারির কারণে আটকে পড়ে। এই সময় সংক্রমণ এড়াতে বর্ডার বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। যার কারণে মা-বাবা থেকে ১৮ মাস বিচ্ছিন্ন ছিল শিশুটি।
অবশেষে তার অপেক্ষার পালা শেষ হয়। সোমবার সিডনির পথে উড়াল দেয় জোহান্না। এখন সে তার মা দৃশ্যার সঙ্গে কোয়ারেন্টিনে আছে। মেয়েকে ফিরে পেয়ে তার মা বলেন, ‘ওহ ঈশ্বর, আমি খুব উচ্ছ্বসিত, এটা ভাষায় বর্ণনা করতে পারব না।’
দৃশ্যা ও জোহান্নার বাবা দিলিন, নিদারুণভাবে তাদের কন্যাকে নিজেদের কাছে সিডনিতে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় ও অস্ট্রেলিয়ার কড়া নিয়মের কারণে তা সম্ভব হয়নি।
পরে নিয়ম শিথিলের পর লিন্ডা ও জোবি নামের এক দম্পতির সাহায্যে ফ্লাইটে মা-বাবার কাছে পৌঁছায় জোয়ান্না।