খালেদা জিয়াকে মুক্ত করতে শুধু স্লোগান নয়, আন্দোলনের প্রস্তুতি নিন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান নয়, আন্দোলনের প্রস্তুতি নিন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের আশু রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের অনুপ্রেরণার যে মূল নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মুক্ত নন, তাকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করতে পারলেই আমরা সবাই মুক্ত হব। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মুক্ত হবেন এবং দেশে আসবেন। সেই কাজটা আমাদেরই করতে হবে। আন্দোলনে করতে হবে, রাস্তায় নামতে হবে। স্লোগান দিয়ে হবে না। আমাদের যেটা করা দরকার, সেটা করতে হবে।

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন দীর্ঘ দেড় মাসের অধিক সময়। অন্যদিকে, তিন দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান লিটন প্রমুখ।