বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরের সাগরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজশাহী জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, কামরুল মনির দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেশ কয়েক মাস ভারতেও ছিলেন। শুক্রবার ভোরে তিনি নিজ বাসায় মারা যান। কামরুল মনির ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কামরুল মনিরের কোনো সন্তান নেই। স্ত্রীকে নিয়ে তিনি রাজশাহী নগরের সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। বাদ জুমা টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।