চট্টগ্রাম নগরীতে চাকরি দেওয়ার নাম করে শিশু ও নারীদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে একটি ‘সংঘবদ্ধ’ চক্রের দুই নারীসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলো মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায় ও এতিম নারী-শিশুদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগরীতে এনে তাদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করাচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। এমনকি পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের একজন আরেক জনের কাছে বিক্রি করে থাকে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। পোপন সংবাদের ভিত্তিতে এসব জানতে পেরে গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওই ছয়জনকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।