‘কালি ও কলম পুরস্কার’ পেলেন চার লেখক

সৃজনশীল চার তরুণ লেখকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। গতকাল শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য শাখায় ‘১৯৭১ : বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন, কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফফর হোসেন, গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ ও শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার এ পুরস্কার অর্জন করেন। এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জমা না পড়ায় শুধু চার শাখায় পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রয়াত কালি  ও কলম সম্পাদক আবুল হাসনাতকে স্মরণ করে দুটি ভিডিওচিত্র দেখানো এবং কবিতা আবৃত্তির মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর বিচারকমণ্ডলীর পক্ষ থেকে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। আরও বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার। সবশেষে সংগীতশিল্পী অদিতি মহসিনের সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শেষ হয়। আয়োজনটি সঞ্চালনা করেন ত্রপা মজুমদার ও লুভা নাহিদ চৌধুরী।