রোনালদিনহোর খোঁচার পর রামোসের জবাব

রোনালদিনহো ও সার্জিও রামোস; একে অপরের কাছে অপরিচিত নন। স্পেনে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এল ক্লাসিকো দিয়ে নিজেদের ক্যারিয়ারের শুরুতে দুই তারকা মুখোমুখি হয়েছেন অনেকবার।

বার্সার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিনহো বুটজোড়া তুলে রেখে অবসর সময় কাটাচ্ছেন বেশ কয়েক বছর হয়। একই পথে হাঁটছেন রামোসও। অবসর না নিলেও সম্প্রতি রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ হয়েছে তার।

আর রামোসের সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণার পরপরই খোঁচা দিয়েছেন রোনালদিনহো। শুক্রবার নিজের অফিশিয়াল টুইটার পেজে এক ছবি পোস্ট করে সাবেক ব্রাজিলিয়ান তারকা ক্যাপশনে লিখেছেন, ‘ওহে সার্জিও রামোস— ওই রাতের কথা মনে আছে!’

৪১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার কোন রাতের কথা বলেছেন তা ঠিকই মনে আছে রামোসের। স্প্যানিশ ডিফেন্ডার ভোলেন কীভাবে ওই রাতের কথা! সেই রাতে যে রোনালদিনহোর পায়ে উড়ে গিয়েছিল রিয়াল। ২০০৫ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন রামোস। আর কয়েক মাসের মধ্যেই কিনা তার বড় পরীক্ষা নিলেন রোনালদিনহো!

২০০৬-০৬ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালান জায়ান্টরা। আর সেই ক্লাসিকোতে রামোসকে বোকা বানিয়ে দুইবার লস ব্লাঙ্কোসদের জালে বল পাঠান রোনালদিনহো। ওই ম্যাচটিরই এক ছবি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। যেখানে শট নিচ্ছেন রোনালদিনহো আর তাকিয়ে তাকিয়ে দেখছেন রামোস।

তবে বার্সা তারকা খোঁচা দিয়ে পার পাননি। সেদিন মাঠে জবাব দিতে না পারলেও এবার টুইটের জবাব দিয়েছেন রামোস। রোনালদিনহোর ছবিটি রিটুইট করে নিজে এক ছবি পোস্ট দিয়ে রিয়ালের সাবেক হয়ে যাওয়া ডিফেন্ডার লিখেছেন, ‘মনে আছে… তবে কয়েকমাস পরের এটি আরও ভালো ছিল।’

রামোসের পোস্ট করা ছবিটি লস ব্লাঙ্কোসদের শিরোপা উদ্‌যাপনের। ২০০৬-০৭ মৌসুমে যে ৩০তম লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।