স্ত্রী নির্যাতনের অভিযোগে শুভশ্রীর দুলাভাই গ্রেপ্তার

বিয়ের ২ মাস যেতে না যেতেই গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রীর স্বামী অমিত ভাটিয়া। শুক্রবার রাতে বাগুইআটি থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগরের টেকনোসিটি থানার পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতারণাসহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে অমিতের বিরুদ্ধে। শনিবার তাকে বারাসত আদালতে তোলার কথা।

২০২১ সালের ২ এপ্রিল অমিতের সঙ্গে বিয়ে হয় দেবশ্রীর। অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকেই দেবশ্রীর ওপর অত্যাচার করতে শুরু করেন অমিত এবং তার মা দিপালী ভাটিয়া। গত ১৭ জুন টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন দেবশ্রী।

এর আগেও বিয়ে হয়েছিল তার৷ সেই সংসারে এক সন্তান আছে।

এই স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৭৭, ৫১১ এবং ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে। বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছে।

২০১৪ সালে এক অফিসে কাজের সূত্রে বন্ধুত্ব অমিত-দেবশ্রীর। ২০২১ সালে দেবশ্রীকে প্রেম নিবেদন করেন অমিত। তার পরই গত এপ্রিলে বিয়ে করেন তারা।

শুভশ্রী সংশ্লিষ্ট নানা ঘটনায় দেবশ্রীকে সরব দেখা গেছে। তাই বোনের পাশাপাশি তিনি দর্শকদের কাছে পরিচিত এক নাম।