কুমিল্লায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপু (৩২) কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল করিম ভুঁইয়ার ছেলে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, শনিবার দুপুরে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ ওই চিহ্নিত অস্ত্রধারী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতিসহ মোট নয়টি মামলা রয়েছে।