১২৩ দিন হাতকড়া পরেও সম্পর্ক টিকল না যুগলের

চার মাসের বেশি সময় দুজনে একসঙ্গে হাতকড়া পরেও নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেন না ইউক্রেনের এক যুগল।

রয়টার্স জানিয়েছে, আলেকজান্ডার কুডলে এবং ভিক্টোরিয়া পুস্তোভিটোভা সম্প্রতি দেশটির টিভি চ্যানেলে আলাদা হওয়ার ঘোষণা দেন। তারা বলছেন, এভাবে টানা বসবাস করেও তাদের বিশ্বাস দৃঢ় হয়নি; বরং অস্বস্তি বেড়েছে।

বিশ্ব ভালোবাসা দিবসে এই যুগল হাতকড়া পরার ঘোষণা দেয়। সম্পর্ক টেকানোর শেষ চেষ্টা ছিল এটি তাদের।

পুরো সময়টায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ছবি পোস্ট করেছেন। এই সময়ে তারা বাথরুম থেকে শুরু করে গোসলও করেছেন একসঙ্গে।

ব্রেকআপের ঘোষণা দেয়ার সময় মেয়েটিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় টিভিতে।

রয়টার্সকে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা ভালো শিক্ষা সবার জন্য। আমরা যা করেছি সেই চেষ্টা আর কেউ চালাবেন না।

পুস্তোভিটোভা জানান, হাতকড়া পরে থাকার দিনগুলোতে ব্যক্তিগত সময়ের খুব অভাব বোধ করেছেন তিনি। বয়ফ্রেন্ড তেমন একটা মনোযোগই দেননি।

‘আমরা সারা দিন একসঙ্গে থেকেছি। কিন্তু কোনো মনোযোগ পায়নি ওর থেকে।’

২৯ বছর বয়সী এই বিউটিশিয়ান বলেন ‘কখনোই সে আমাকে বলেনি, তোমাকে মিস করি।’