স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান মারা গেছেন

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান চলে গেলেন। গতকাল শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

কুলসুম জামান টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের মা।

পারিবারিক সূত্র জানায়, গতকাল বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে কুলসুম জামানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি গোপালপুরের নারুচীতে স্বামী খন্দকার আসাদুজ্জামানের কবরের পাশে তাকে দাফন করা হয়।