গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে যানজট লেগেই তাকে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে আজ রবিবার জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত তিনটি ট্রেন চলবে। ট্রেনগুলো হচ্ছে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন।
ট্রেন চালু প্রসঙ্গে গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে আজ রবিবার থেকে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি চলাচল করবে। প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে তুরাগ ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে। আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
এদিকে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। তিনি বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেকোনো ভাবেই হোক এই জনদুর্ভোগ অতিদ্রুত দূর করতে হবে। সেজন্য নির্দেশ দিয়েছি আগামী দুই দিনের মধ্যে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে সব সংস্কারকাজ শেষ করতে। দুজন ঠিকাদারকে নির্দেশ দিয়েছি ১০ দিন কাজ করতে ৫০ জন করে যদি ৫০০ লোক লাগে, দু’দিনে যেন সে কাজটি করে ফেলে। যদি লোক না পান, আমাকে বলবেন আমি লোক দেব।