মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত সেনা ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউনিট প্রত্যাহারের খবরটি সঠিক বলে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যখন ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নিচ্ছে, তখন এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো। ২০১৯ সালে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে পৃথক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাডও সৌদি আরব থেকে সরানো হবে।