বৃষ্টিতে বদলে গেল ডিপিএলের সূচি

আষাঢ়ের দিনভর বৃষ্টিতে ভেসে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবগুলো ম্যাচ। পরে সূচিতে বদল আনতে বাধ্য হলো আয়োজকেরা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসরের সুপার লিগের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। বিকেএসপিতে হওয়ার কথা ছিল রেলিগেশন লিগের এটি ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সবগুলো ম্যাচই ভেস্তে যায়। চার ম্যাচের মধ্যে তিনটির টসই অনুষ্ঠিত হতে পারেনি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর মধ্যকার সকালের ম্যাচটি অবশ্য শুরু হয়েছিল। কিন্তু মিরপুরের ম্যাচটিতে খেলা হতে পারে মাত্র ১.৩ ওভার। দোলেশ্বর বিনা উইকেটে ৮ রান তোলার পর হানা দেয় বৃষ্টি। পরে আর খেলা হতে পারেনি।

মিরপুরে সুপার লিগের অন্য দুই ম্যাচে লড়ার কথা ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

বিকেএসপিতে রেলিগেশনের লড়াইয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল।

বৃষ্টিতে ম্যাচগুলো ভেস্তে যাওয়ার পর দলগুলোর সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) জরুরি সভার পর ঠিক হয়েছে, সব ম্যাচই হবে নতুন সূচিতে।

শনিবারের ম্যাচগুলো হবে রবিবার, এভাবে একদিন করে পিছিয়ে যাবে অন্য সব দিনের খেলা। আগের শুক্রবার লিগ শেষ হওয়ার কথা থাকলেও এখন শেষ হবে শনিবার।

নতুন সূচিতে থাকছে ‘রিজার্ভ ডে’। নির্ধারিত দিনে ওভার কেটে হলেও খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটিও সম্ভব না হলে নতুন দিনে খেলা হবে সেখান থেকেই।

সুপার লিগের সবগুলো ম্যাচই আগের মতো মিরপুরে হবে। তবে রেলিগেশন লিগের তিন ম্যাচের একটি বিকেএসপি থেকে সরিয়ে মিরপুরে আনা হয়েছে। লিজেন্ড অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএসের মধ্যকার ম্যাচের দিনক্ষণ অবশ্য জানানো হয়নি।