‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে র‌্যাব-১০-এর একটি দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে।

আটককৃতরা হলো রাব্বী আহমেদ, নাঈম আহমেদ, আকাশ, নয়ন হাওলাদার, ইমন, সৈকত শেখ, তুষার হাওলাদার, রবিউল ইসলাম, আরিফ ও হাসান। তাদের কাছ থেকে ছয়টি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি, ৮টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

গতকাল র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, আটককৃতরা স্থানীয় কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের সদস্য। এরা জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরত। এরপর আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকাপয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে কিশোর অপরাধীরা স্বীকার করেছে, তারা ডাকাতি ও ছিনতাই ছাড়াও নানা অপকর্মের সঙ্গে তারা জড়িত।