প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পালন করা হয় ‘বাবা দিবস’। সে হিসেবে আজ পুরো দিন বাবাদের নিয়ে উদযাপনের।
এ উপলক্ষে রিয়্যালিটি শো থেকে খ্যাতি পাওয়া নোলক বাবু হাজির হলেন বিশেষ গান নিয়ে, শিরোনাম ‘গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে’।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ বঙ্গবাসী। আর ইউটিউবে শনিবার উন্মুক্ত হয়েছে ভিডিও।
নতুন গান প্রসঙ্গে নোলক বলেন, “বাবাকে নিয়ে প্রথম গাইলাম। অন্তরের অন্তঃস্থল থেকে গানটি গাওয়ার চেষ্টা করেছি। গানের কথা-সুর প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
গীতিকার-সুরকার ফরিদ বঙ্গবাসী বলেন, “আমি মনে করি নোলকের গাওয়া এই গানটি মনে রাখার মতো। এই গানে বাবা হারা প্রতিটি মানুষ খুঁজে পাবে পুরোনো স্মৃতি।”
এক সময় গানে নিয়মিত দেখা গেলেও অনেক দিন আলোচনায় নেই নোলক। ‘গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে’ গানের মাধ্যমে নতুন রূপে হাজির হলেন তিনি।