খুলনায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ২২ জুন থেকে সব ডিসিপ্লনের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ জন্য আগামী ২২ জুন থেকে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগ পর্যন্ত যে সব পরীক্ষা নেয়ার কথা ছিল সেগুলো স্বাস্থ্যবিধি মেনেই সশরীরে নেয়া হবে। এ ছাড়া শুধু জরুরি প্রয়োজনে রবিবার ও বুধবার সীমিত পরিসরে প্রশাসনিক ভবনের অফিস খোলা থাকবে।
রবিবার বিকালে রেজিস্ট্রার দপ্তরের জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এ প্রেক্ষিতে রবিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপউপাচার্য ও ডিনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ৩০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে একাডেমিক প্রধানদের সভায় স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত হয়।
নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন ২০ জুন, ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২২ জুন, গণিত ডিসিপ্লিন ২৪ জুন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ২৪ জুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২৯ জুন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ১ জুলাই পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।