বল হাতে ছিলেন দুর্দান্ত। তার গতির কাছে বড় বড় ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করতে বাধ্য হতেন। বাইশ গজে আগুন ঝরানো শোয়েব আখতারের গানের গলাটাও কিন্তু খারাপ না!
রবিবার আচমকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শোয়েবের গাওয়া গানের একটি পুরোনো ভিডিও। যেখানে দেখা যায় বলিউডের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী কিশোর কুমারের গান গাইছেন শোয়েব। পাকিস্তানের সাবেক পেসারের সেই গান শুনে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।
ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পাজামা পরে বন্ধুদের সঙ্গে কোনো অনুষ্ঠানে রয়েছেন শোয়েব। বন্ধুদের অনুরোধ সত্ত্বেও প্রথমে গাইতে চাননি তিনি। কিন্তু বন্ধুরা নাছোড়বান্দা! তাই গান ধরেন এই পেসার।
১৯৭৭ সালে রাজেশ খান্নার সিনেমা ‘অনুরোধ’-এর গান ‘আতে যাতে খুবসুরত আওয়ারা’ শোনা যায় শোয়েবের কণ্ঠে। এ ছাড়াও রাজেশেরই ১৯৬৯ সালের ‘দো রাস্তে’ ছবির গান ‘মেরে নসিব মে অ্যায় দোস্ত’-এরও এক কলি গেয়েছেন তিনি।
এ ছাড়া মোহাম্মদ রাফির গাওয়া ‘কাজল’ সিনেমার ‘ছু লেনে দো নাজুক হোটো কো’ গেয়েছেন শোয়েব।
অবশ্য শোয়েবের কণ্ঠ শৈলী যে এই প্রথম সামনে এলো তা নয়। ২০০৭ সালে রিয়্যালিটি শো ‘ঝোম ইন্ডিয়া’-তে গেয়েছিলেন পাকিস্তানি তারকা। ২০০৮ সালে ভারতের জি টিভির আরেকটি শো-তেও গেয়েছিলেন শোয়েব।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত তারকা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার রেকর্ডধারী। ২০১১ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। তাকে এখন ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় মাঝে মধ্যেই। নিজের ইউটিউব চ্যানেলেও হামেশাই ক্রিকেটের বিশ্লেষণ করতে দেখা যায় শোয়েবকে। সেই বিশ্লেষণ বেশ জনপ্রিয় ভক্তদের কাছে।