রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই ধসে পড়েছে একটি নির্মাণাধীন চারতলা ভবন। গতকাল রবিবার বেলা ৩টার দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেটকার।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল।
জানা গেছে, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামে এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।
ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন দাবি করেন, ভালোমানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ‘ভবন আগেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু কেউ থাকত না।’ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা তিনি জানেন না।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ভবনের নকশা অনুমোদন ছিল কি না, কোন ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার হয়েছিল এসব তারা তদন্ত করে দেখবেন।