সাভারের আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারকে গুলির ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
শাহিন পালোয়ান আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
আশুলিয়ায় থানার এসআই এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। নতুন অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত ৬ জুন আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেন শাহিন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ফিরোজা এন্টারপ্রাইজের মালিক বেলাল হোসেন আশুলিয়া থানায় মামলা করেন।