নাশকতা ও গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত থাকছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেয়। আসলাম চৌধুরীর জামিন নিয়ে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে বলে আদেশে বলা হয়েছে।
দুই মামলায় গত ৩০ মে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ রুলসহ আসলাম চৌধুরীকে জামিনের আদেশ দেয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ৬ জুন চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি ২০ জুন পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে আপিল বিভাগের এ আদেশ হলো। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
চার বছর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও ২০১৩ সালে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় দায়ের হওয়া দুই মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়। আইনজীবীদের তথ্য মতে, ২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হয়।