দেশে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, এ সরকার ১৩ বছরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া একটি সংবাদও দেখাতে পারবে না মঙ্গাপীড়িত উত্তরবঙ্গে একজন মানুষ না খেয়ে মারা গেছে। এই মহামারীর সময়ও খাদ্য নিয়ে কোনো সংকট নেই, হাহাকার নেই।
গতকাল রবিবার সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘২০১৮ নির্বাচনী ইশতেহারে দুটি লক্ষ্য ছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অঙ্গীকার করেছি। একটি হলো নিরাপদ খাদ্য আর পুষ্টিসম্পন্ন খাদ্য দেব। আর একটি লক্ষ্য হলো দেশের কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ করব। আমরা রপ্তানি আয় বাড়াতে চাই।’
তিনি আরও জানান, ‘কাজুবাদাম উচ্চমূল্যের ফসল। এর আন্তর্জাতিক চাহিদা অনেক বেশি। তিন পার্বত্য জেলায় কাজুবাদাম উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি। আমরা বিদেশ থেকে কম দামে কাজুবাদাম ও কপি আনব। এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করব।’