রিট খারিজ, জাবির দর্শন বিভাগে শিক্ষক নিয়োগে বাধা নেই

অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক আদেশে আবেদন দুটি খারিজের আদেশ দেয়। ফলে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আর কোনো বাধা নেই বলে জানান রিটের বিপক্ষে শুনানিকারী আইনজীবীরা।

এর আগে গত বৃহস্পতিবার এক মৌখিক আদেশে এ নিয়োগ প্রক্রিয়া রবিবার পর্যন্ত স্থগিত রাখতে বলে নিয়োগ সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়েছিল হাইকোর্ট। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে নথিপত্র দাখিল করলে হাইকোর্টের এ আদেশ আসে।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক ও সৈয়দা নাসরিন।

অ্যাডভোকেট কুমার দেবুল দে দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্টের এ আদেশের ফলে ওই বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক নিয়োগের ভার্চুয়াল প্রক্রিয়ার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকছে না।

আইনজীবী সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাবির দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, উপরন্তু তড়িঘড়ি করে অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে আপত্তি এবং তা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন বিভাগের কয়েকজন শিক্ষক। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে গত ৯ জুন ইউজিসির চেয়ারম্যান বরাবর  আবেদন করেন শিক্ষকেরা। এরপর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের প্রথমে আইনি নোটিশ এবং নোটিশের জবাব না পাওয়ায় ওই বিভাগের একাধিক শিক্ষকের পক্ষে গত ১০ জুন হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত ১২ জুন অনলাইনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।