বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন: নুহাশ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এখন কেবলই স্মৃতি। পরিবারের সদস্যরা হুমায়ূনের স্মৃতি আগলে রাখছেন সযত্নে। বাবা দিবসে হুমায়ূন আহমেদের সঙ্গে একটি বিরল ছবি প্রকাশ করে হুমায়ূনপুত্র নুহাশ জানিয়েছেন বাবা দিবসের শুভেচ্ছা।

নুহাশ জানান, মা গুলতেকিন হুমায়ূন আহমেদের সঙ্গে নুহাশের পুরোনো একটি ছবি খুঁজে বের করে নুহাশকে দেন বাবা দিবসের পোস্ট দেওয়ার জন্য। সেই ছবিতে দেখা যায় কয়েক মাস বয়সী শিশু নুহাশকে কাঁধে করে রোদ পোহাচ্ছেন হ‌ুমায়ূন।

নুহাশ ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন।’  তারপরই তিনি ছবি কীভাবে পেলেন তা উল্লেখ করেন।

নুহাশ লেখেন, ‘বাবা দিবস তোমার কাছে তিক্ত হতে পারে যদি তোমার বাবা না থাকে। কিন্তু একজন অসাধারণ মা থাকলে সেই অভাবটা পূরণ হয়ে যায়।’

উল্লেখ্য, বাবার মতো নুহাশও সৃষ্টিশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নুহাশ ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপণ নির্মাণ করেছেন, বানিয়েছেন চলচ্চিত্রও। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ প্রজেক্ট এবার যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবেও।