দুই বছর আগেই নিজ যোগ্যতায় টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করে রেখেছিলেন রোমান সানা। এবার সুখবর পেলেন উদীয়মান আর্চার দিয়া সিদ্দিকী। ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে খেলবেন তিনি।
ক’দিন আগেই সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে নজর কাড়েন দিয়া। রোমান সানার সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে উপহার দেন রুপা।
সেই থেকে দিয়াকে নিয়েও বড় স্বপ্ন দেখছে দেশের আর্চারি। এই মুহূর্তে প্যারিসে রয়েছেন আর্চাররা। সেখানে অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ আসরে খেলছেন রোমান-দিয়ারা।
তবে বাংলাদেশ এই আসর থেকে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট কাটতে ব্যর্থ হয়। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। সোমবার রিকার্ভ মহিলা এককের খেলায় একে একে হতাশ করেন বিউটি রায়, মেহেনাজ আক্তার মুনিরা ও দিয়া। যদিও কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াই করেন দিয়া।
তবে হতাশার ওই খবরের কিছুক্ষণ পরই দিয়ার ওয়াইল্ড কার্ড পাওয়ার খবর আসে। তিন দেশের তিন আর্চারের সঙ্গে দিয়াও ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন বলে জানানো হয় বিশ্ব আর্চারি ফেডারেশন থেকে।
বিষয়টি নিশ্চিত করে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমাদের আরেকজন আর্চার অলিম্পিকে খেলবে এটা খুবই খুশির খবর। সুইজারল্যান্ডে হওয়া বিশ্বকাপে তার পারফরম্যান্সের জন্য বিশ্ব আর্চারি তাকে মনোনীত করেছে।’