ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব কোয়ালিটি এসুরেন্স সেল’ (আইকিউএসি) আয়োজিত ‘উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সন্তুষ্টি’ বিষয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমানে প্রযুক্তির পাশাপাশি অনেক চিন্তা-চেতনা ধ্যান-ধারণাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমনকি চার-পাঁচ বছরের ভেতরে আমূল পরিবর্তন ঘটছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে সেভাবে তৈরি থাকতে হবে। শিক্ষা এবং দক্ষতার মানে শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিদাতাও যেন সন্তুষ্ট থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

গত শনিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের বিখ্যাত প্রফেসরসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।