ঢাকায় ৭১ আর চট্টগ্রামে ৫৫ ভাগ মানুষের শরীরে করোনা অ্যান্টিবডি

ঢাকায় ৭১ ভাগ মানুষ আর চট্টগ্রামে ৫৫ ভাগ মানুষের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) অ্যান্টিবডি পাওয়া গেছে।

এক গবেষণার বরাত দিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

গত পাঁচ মাসে ৩ হাজার ২২০ জনের নমুনা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকায় ৭১ ভাগ মানুষ আর চট্টগ্রামে ৫৫ ভাগ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজধানীসহ দেশের প্রধান দুই নগরীর জন্য গবেষণার এই ফল স্বস্তির খবর মনে করছেন বিশেষজ্ঞরা।

আইসিডিডিআরবি সম্প্রতি করোনা সংক্রমণের বিস্তার নির্ণয়ের জন্য এক গবেষণা চালায় ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকায়। এসব এলাকায় বসবাসকারী করোনার উপসর্গযুক্ত ও উপসর্গহীন ব্যক্তিদের ওপর এ গবেষণা চালানো হয়।

গত ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে বস্তি এবং বস্তিসংলগ্ন বাইরের এলাকায় বসবাসকারীদের ওপর এ সমীক্ষা চালানো হয়।

গবেষণায় আরও পাওয়া গেছে, বয়স্ক ও তরুণদের মধ্যে অ্যান্টিবডির হার প্রায় সমান। নারীদের মধ্যে অ্যান্টিবডির হার ৭০ দশমিক ৬ শতাংশ, যা পুরুষদের (৬৬ শতাংশ) তুলনায় বেশি।

যেসব অংশগ্রহণকারী ব্যক্তির (মোট ২২০৯) মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে, তাদের মধ্যে শুধু ৩৫ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।