জয়পুরহাটের কালাইয়ে শিশু অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে (৬০) ৩২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি কালাই উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে আব্দুল মতিন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে শিশু অপহরণ মামলায় আব্দুল মতিন ও আরেক আসামি সাকামুদ্দিনকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। সাকামুদ্দিন ৭ বছরের সাজা ভোগ করে মৃত্যুবরণ করেছে। কিন্তু আরেক আসামি আব্দুল মতিন ৩২ বছর থেকে পলাতক ছিলেন।
সোমবার কালাই থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে পলাতক আসামি আব্দুল মতিনকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকা থেকে গ্রেপ্তার করে রাতে জয়পুরহাটে আনা হয়। মঙ্গলবার দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিনকে বগুড়া থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কালাই উপজেলার ২৫ জুন ১৯৮৯ সালে ৭ বছরের শিশু মঞ্জুরুল হককে অপহরণ করায় দায়ে আব্দুল মতিনকে ১নং আসামি করে ২ জনের বিরুদ্ধে মামলা করেছিল শিশুটির বাবা ফজলুর হক। মামলায় উভয়কে ৭ বছর সাজা প্রদান করেন আদালত। অপর আসামি সাকামুদ্দিন ৭ বছর সাজা খাটার পর তার মৃত্যু হয়। আব্দুল মতিন দীর্ঘদিন পলাতক ছিলেন।