এবার মধুখালী ছাত্রলীগের কমিটিতে ছাত্রদল নেতা!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার পর এবার মধুখালী উপজেলাতেও ছাত্রলীগের নবগঠিত কমিটি গঠন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেনকে মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ১২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রবিন মোল্যাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইনজামামুল আলম অনিককে সাধারণ সম্পাদক করা হয় এবং মো. নাজমুল হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নব-নির্বাচিত সভাপতি রবিন মোল্যা বলেন, নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করে আসছে। সে হিসেবেই নাজমুল পদ পেয়েছে। নাজমুল ছাত্রদল করত বিষয়টি আমাদেরও অনেকেই জানিয়েছে, তবে খেঁাঁজ নিয়ে এর কোনো সত্যতা পাইনি।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক বলেন, তিন মাস আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগের সব কমিটি বাতিল হয়ে গেছে। তবে গত ২০১৮ সালে উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নাজমুল হোসেন যুগ্ম আহ্বায়ক ছিল।

এ বিষয়ে নাজমুল হোসেন বলেন, আমি কখনো ছাত্রদলের রাজনীতি করিনি। আমার পরিবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিক কারণে ছোটবেলা থেকেই আমিও ছাত্রলীগের রাজনীতি করে আসছি। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, স্থানীয় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেই নাজমুল হোসেনকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। তবে নাজমুল ছাত্রদল করত এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।