দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি স্থাপনের তাগাদা দেওয়া হয়।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে আমরা তাগাদা দিয়েছি।’
বৈঠকে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের পুনর্গঠন, স্টেশনগুলোর আধুনিকায়ন, যাত্রী সাধারণের সুবিধার্থে নিচু প্ল্যাটফর্মগুলো উঁচুকরণ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কমিটি কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে এরূপ বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে। উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. সাইফুজ্জামান এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।