টেস্ট চ্যাম্পিয়নশিপের আজ শেষ দিন

টিম সাউদির ৩০ রানের ক্যামিও ইনিংসে ৩২ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল নিউজিল্যান্ড। সাউদাম্পটনে সাউদিকে বোল্ড করে রবীন্দ্র জাদেজা ২৪৯ রানে কিউই ইনিংসের ইতি টানেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত প্রথম ইনিংসে করেছিল ২১৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৪ রান তুলে পঞ্চম দিনের খেলা শেষ করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে কোহলিরা ৩২ রানে এগিয়ে। আজ টেস্টের শেষ দিন।

২ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করেন কেন উইলিয়ামস এবং রস টেইলর। মাত্র ১১ রান করে মোহাম্মদ সামির শিকার হন টেইলর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। এক প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি ৪৯ রানে আউট হন। ৭৬ রানে ৪ উইকেট নিয়েছেন সামি। মূলত তার আর ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ের কারণেই বেশিদূর এগোতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬ বলে ২১ রান করেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া দীর্ঘদেহী পেসার কাইলে জেমিসন। ৩ উইকেট নিয়েছেন ইশান্ত। জাসপ্রিত বুমরাহ উইকেট না পেলেও দুটি উইকেট নিয়েছেন অশ্বিন।