ইউরো কাপে রহিম স্টার্লিং পেলেন নিজের দ্বিতীয় গোল। যে গোলটি চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে পার্থক্য গড়ে দিল। সুবাদে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোর টিকিট মিলল ইংল্যান্ডের। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল বা হাঙ্গেরির মধ্যে যে কোনো দল।
মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। স্টার্লিং ম্যাচের একমাত্র গোলটি করেন ১২ মিনিটে।
তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া। যারা এদিন একই সময়ে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ৩-১ ব্যবধানে।
ক্রোয়েশিয়ার মতো সমান ৪ পয়েন্ট চেক রিপাবলিকেরও। মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানেও এই দুই দল সমানে সমান অবস্থানে। তাই বেশি গোল করার সুবাদে দ্বিতীয় হয়েছে ক্রোয়েশিয়া। চেক রিপাবলিক চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে খেলবে পরের রাউন্ডে। অন্যদিকে স্কটল্যান্ডকে বিদায় নিতে হয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে।
২৯ জুন প্রি-কোয়ার্টারে ‘এফ’ গ্রুপের রানার্সআপদের মুখোমুখি হবে ইংল্যান্ড। যে ম্যাচটিও হবে তাদের ঘরের মাঠ ওয়েম্বলিতে।
এদিকে বুধবার ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। যেখানে হাঙ্গেরির বিপক্ষে খেলবে জার্মানি। বর্তামান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। এই ম্যাচ দুটির ফলেই নির্ধারণ হবে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে ইংলিশরা।