রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৬ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৫ জন নারী এবং ১১ জন পুরুষ।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ জুন থেকে ২৩ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৪৫ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১২৫ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।
এদিকে, মঙ্গলবার রাজশাহীতে একদিনে আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়।
রাজশাহীর দুই পিসিআর ল্যাবে এদিন মোট ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪১ জনের করোনা পজিটিভ এসেছে।
এখানে রাজশাহীর ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ হয়েছে ২৫ হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার হাসপাতাল ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।