ঝালকাঠির কাঠালিয়ায় বিজয়ী মেম্বার মজিবর রহমানের সমর্থকদের দায়ের কোপে আরিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফ হোসেন স্থানীয় সাবেক মেম্বার লাল মিয়ার ছোট ছেলে ও বাগেরহাট পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আরিফ পরাজিত মেম্বার প্রার্থী ফারুক হোসেনের সমর্থক ছিলেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে উপজেলার স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসার বাজার সংলগ্ন মাঠে পিকনিকের আয়োজন করে উপজেলার আমুয়া ইউনিয়নের ৭ নম্ব ওয়ার্ডের সদ্য নির্বাচিত মেম্বার মজিবর রহমানের সমর্থকরা। এ সময় পরাজিত মেম্বরা প্রার্থী ফারুক মিয়ার কর্মী হোসেন আলী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মজিবর রহমানের সমর্থকরা হোসেন আলীকে আটক করে বেঁধে রাখে। এ খবর পেয়ে পরাজিত প্রার্থী ফরুকের লোকজন আটক হোসেন আলীকে ছাড়াতে আসলে উভয়ে সংঘর্ষ হয়। এসময় রামদা ও দায়ের কোপে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত কলেজছাত্র আরিফসহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় পাঠায়। আরিফের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আরিফকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, আরিফ হত্যার ঘটনায় কাঠালিয়া থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। বাকি দুজনকে ঝালকাঠি জেলহাজতে নেয়া হয়েছে।