বল হাতে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে নিজের সেরা বোলিংয়ের পর ব্যাট হাতেও ঝলক দেখালেন অলক কাপালি। অভিজ্ঞ এই ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দারুণ এক জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বুধবার প্রিমিয়ার টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপকে ২ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। ১২৬ রানের লক্ষ্যে খেলতে নামা দলটির জয় নিশ্চিত হয় শেষ ওভারে, মাত্র ১ বল হাতে থাকতে।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল প্রাইম ব্যাংকের। তরুণ পেসার মহিউদ্দিন তারেকের ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলে বাউন্ডারিতে দলের জয় নিশ্চিত করেন অলক।
১৫ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২১ রান করেন অলক। সর্বোচ্চ ৩৯ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। ২০ রান করেন রকিবুল হাসান।
গাজী গ্রুপের পক্ষে ২টি করে উইকেট নেন মেহেদি হাসান, নাসুম আহমেদ ও মুমিনুল হক।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারকে (০) হারায় গাজী গ্রুপ। আরেক ওপেনার মাহেদি দলকে পথ দেখানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৩৩ রান করে রুবেল মিয়ার শিকার হন তিনি।
মাঝে অলক কাপালির বোলিং ঝলকে ব্যর্থ হন ইয়াসির আলি (৯) ও মাহমুদউল্লাহ (২)। জাকির হাসানকে (৩) নিজের তৃতীয় শিকার বানান অলক।
আরিফুল হকের ২৮ বলে ৩১ ও আকবর আলির ২২ বলে ২৪ রানে মোটামুটি একটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল গাজী। যে পুঁজি নিয়েই দারুণ লড়াই করে হেরে যেতে হয়েছে তাদের।
প্রাইম ব্যাংকের পক্ষে অলকের ৩ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন শরিফুল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন অলক। সাঁইত্রিশেও যিনি খেলে চলেছেন দুর্দান্ত।
এই জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল প্রাইম ব্যাংক। যদিও দিনের শেষ ম্যাচে জিতলে রান রেটে শীর্ষে উঠে যাবে আবাহনী। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট প্রাইম ব্যাংকের। গাজী গ্রুপের পয়েন্ট ১৫।