গার্ড অব অনারে নারীর বিকল্প

বরিশালে মহিলা পরিষদের মানববন্ধন

গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্পের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে মহিলা পরিষদ জেলা কমিটি। গতকাল বুধবার সকালে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ প্রতিবাদ জানায়। তারা এ ধরনের ন্যক্কারজনক সুপারিশ প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়ে সুপারিশ থেকে সরে আশার আহ্বান জানিয়েছে।

বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, প্রভাষক ও নারীনেত্রী টুনু রানী কর্মকার, বরিশাল গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, উন্নয়ন সংগঠক রণজিৎ দত্ত, সামসুল আলম জুলফিকার, সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা প্রমুখ। মানববন্ধন শেষে তারা বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।