কিশোর গ্যাং ‘চাঁন-জাদু’ গ্রুপ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের মুগদা থানা পুলিশ গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে। তারা হলোÑ মো. জাদু, মো. রবিন, নয়ন ইসলাম শুভ এবং ব্যান্ডেজ গ্রুপের মো. হিরো ও মো. রিপন। চাঁন-জাদু গ্রুপের জাদুকে গ্রেপ্তার করতে পারলেও চাঁনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশের ভাষ্য, এই দুই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিও করত তারা।
গতকাল বুধবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে জানতে পারি ‘চাঁন-জাদু’ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের ৩২ কিশোর সদস্য রয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মুগদা এলাকা থেকে তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এই দুই কিশোর গ্যাং সদস্যরা স্মার্টফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করত। রাস্তায় চলাচলরত নারীদের উত্ত্যক্ত করা, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা। এ ছাড়া তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতা হিসেবে যদি প্রভাবশালী কেউ, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’