মুন্সীগঞ্জে পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক চীনা প্রকৌশলী নিখোঁজ রয়েছেন। তার নাম ঝাও (২৪)। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিখোঁজ হন। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এই তথ্য জানিয়েছেন। ওই রাতে চীনা প্রকৌশলী পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে দায়িত্বরত ছিলেন। এ সময় পিলারের পাশে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল। আকস্মিক সেখান থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে পিলারে কাজ করার সময় নিচে পদ্মা নদীতে পড়ে গেছেন চীনা প্রকৌশলী। এতে তিনি পদ্মাবক্ষে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন।

জেলার লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, চীনা প্রকৌশলী নিখোঁজের পর মঙ্গলবার রাত ৯টা থেকে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ। কিন্তু রাতে তার খোঁজ পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার সকালে পদ্মার বিভিন্ন পয়েন্টে নিখোঁজ প্রকৌশলীর খোঁজে উদ্ধার অভিযান নামে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশলীর খোঁজ মেলেনি।