পাঠক, রিপোর্টটি যখন পড়ছেন তখন হয়তো রিও ডি জেনিরোতে কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে ব্রাজিল। সকাল ৬টায় শুরু হয়েছে এ ম্যাচ। প্রথম দুই ম্যাচ জিতে ব্রাজিল আছে গ্রুপ শীর্ষে। কলম্বিয়া আজ খেলছে তাদের চতুর্থ ম্যাচ। আজও জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলের। কোপাতে দারুণ ফর্মে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ৭ গোল করেছে তারা। এর দুটি করেছেন নেইমার। দেশের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোল থেকে ৯ গোল দূরে তিনি। কলম্বিয়া আগের তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে (১ জয়, ১ হার, ১ ড্র)। আজ জিতে গেলে ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে উঠবে কলম্বিয়া। ব্রাজিল সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ জিতেছে। কলম্বিয়া গেল ম্যাচেই হেরেছে পেরুর কাছে। কলম্বিয়ার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। ৩২ ম্যাচের ১৯টি জিতেছে সেলেসাওরা। ১০ ম্যাচ ড্র হয়, ৩টি জেতে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে শেষ দুই ম্যাচে জিততে পারেনি ব্রাজিল। ২০১৭’র সেপ্টেম্বরে, ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ১-১ ড্র হয়। ইন্টারনেট।
বর্ণবিদ্বেষী মন্তব্যে দুই ভারতীয় দর্শককে শাস্তি
বর্ণবিদ্বেষী মন্তব্যের কারণে সাউদাম্পটনের গ্যালারি থেকে দুই ভারতীয় দর্শককে বের করে দিয়েছে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ৫ম দিন টেলিভিশনে খেলা দেখতে থাকা এক দর্শক আইসিসিকে টুইট করে জানান, ‘মাঠে এমন কেউ কি আছেন, যিনি দর্শকদের ব্যবহার লক্ষ করছেন? সেখানে নিউজিল্যান্ড দলের উদ্দেশে কটূক্তি করছেন কয়েকজন। টেইলরের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হচ্ছে।’ এরপর আইসিসি সেই দর্শকের টুইটের জবাবে লিখেছে, ‘আপনাকে জানাতে চাই যে কটূক্তি করার জন্য দুজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ। কখনোই এমন আচরণকে প্রশ্রয় দিই না আমরা।’ ইন্টারনেট।