রামেক হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক করোনা ইউনিটে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৬ জনের মৃত্যু হয়।

রামেক পরিচালক জানান, মৃত ১৮ জনের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং ১০ জন পুরুষ।
এ নিয়ে চলতি মাসে (১ জুন থেকে ২৪জুন) রামেক করোনা ইউনিটে মারা গেছেন ২৬৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৩৩ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ১৩ জনের বাড়ি রাজশাহীতে, ৪ জনের নওগাঁ, ১ জনের চাঁপাইনবাবগঞ্জ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৮ জনের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন মারা গেছেন।
হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন। চিকিৎসাধীন ৪০৪ জন।

এদিকে, রাজশাহীতে একদিনে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়। রাজশাহীর দুই পিসিআর ল্যাবে বুধবার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে মোট ৪৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩০ জনের করোনা পজিটিভ এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক জানান, বুধবার হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।