ভারতে টানা দুদিন বাড়লো সংক্রমণ, মৃত্যু ১৩২১

ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কমলেও গত দুদিন ফের বেড়েছে সংক্রমণ। মৃত্যুও রয়েছে এখনো এক হাজারের ওপরে।

আনন্দবাজার জানায়, ভারতের দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নিচে নামলেও বুধ এবং বৃহস্পতিবার তা ফের ৫০ হাজার ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জন। করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৯৮১ জন।

করোনার ‘ডেল্টা প্লাস’ ধরন ছড়ানোর শঙ্কার মধ্যেই ভারতে টিকাদান কর্মসূচি জোর গতিতে এগোচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ লাখ ৮৯ হাজার ৫৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে দ্বিতীয় আর তৃতীয় ঢেউয়ে এসে বিশ্বে করোনা সংক্রমণ ১৮ কোটি ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৩৯ লাখের বেশি মানুষ। সংক্রমিত ও মৃতদের উল্লেখযোগ্য অংশ হলো যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের।