দ্য হান্ড্রেড বা ১০০ বলের ক্রিকেটের উদ্বোধনী আসরের জন্য সাউদার্ন ব্রেভের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভন কনওয়ে ও কুইন্টন ডি কক। বিদেশি খেলোয়াড় হিসেবে ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের পরিবর্তে এই দুই তারকাকে দলে নিয়েছে ক্লাবটি। বুধবার (২৩ জুন) ডি কক-কনওয়ের সঙ্গে চুক্তির বিষয়টি জানায় সাউদার্ন ব্রেভ।
ক্লাবটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘চলমান কোভিড-১৯ মহামারিতে সফর চ্যালেঞ্জ ঝামেলার কারণে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।’
সম্প্রতি টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেন কনওয়ে। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ৫৯ ও ওয়ানডেতে ৭৫ গড় তার। সাউদার্ন ব্রেভে যোগ দিয়ে উচ্ছ্বসিত কনওয়ে বলেন, ‘আমি সাউদার্ন ব্রেভে যোগ দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত।’
এদিকে, ডি কককে সাউদার্ন ব্রেভে যোগ দিতে অনুপ্রাণিত করেছেন দলটির প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।
দ্য হান্ড্রেড-এর প্রথম সংস্করণ শুরু হবে ২১ জুলাই।