গত ১৩ বছরে ১৪বার পানির দাম বাড়িয়েছে ওয়াসা: সোহেল

ঢাকা ওয়াসার পানির আরেক নাম মরণ মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, মার্কিন মুলুকে বসে রিমোট কন্ট্রোল ওয়াসা চালাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।

বৃহস্পতিবার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াসা কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের আগে কারওয়ান বাজারের প্রগতি ভবনের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

পরে সোহেলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষে থেকে ওয়াসা কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। ওয়াসার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সংস্থাটির প্রধান নিরাপত্তা কর্মী মো. মাকসুদুল হক।

স্মারকলিপি গ্রহণ করে মাকসুদুল হক জানান, স্মারকলিপিটি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

সোহেল বলেন, পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১৪ বার ওয়াসা পানির বিল বাড়িয়েছে। এই পানির বিল ছিল ৬ টাকা ৪ পয়সা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১ হাজার লিটার পানির বিল হবে ১৫ টাকা ১৮ পয়সা।

তিনি বলেন, ‘এই ওয়াসার পানি মান সম্পর্কে আপনারা জানেন। পানি অপর নাম জীবন। আর ওয়াসার পানির আরেক নাম মরণ।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি একদিনের জন্য ওয়াসার এক গ্লাস পানি খাওয়ার এক ঘণ্টার মধ্যে যদি চিকিৎসকের শরণাপন্ন না হন, তাহলে রাজনীতি ছেড়ে দেব।’

তিনি আরও বলেন, দিন যায় রাত আসে, গ্রীষ্ম যায় বর্ষা আসে- সব পরিবর্তন হয়, কিন্তু ওয়াসার এমডি পদে যিনি আছেন তার কোনো পরিবর্তন নেই!

সোহেল বলেন, এই ঢাকায় ময়লা পানির যিনি কারিগর, তার বেতন ২ লাখ না, ৩ লাখ নয়, তার বেতন ৬ লাখ ২০ হাজার টাকা! এই করোনা মহামারীতে ঢাকাবাসীর পাশে না দাঁড়িয়ে মার্কিন মুলুকে বসে রিমোট কন্ট্রোল উনি ওয়াসা চালাচ্ছেন।

সমাবেশ চলাকালে মহানগর বিএনপির ৬ থেকে ৭ জন কর্মীকে আটক করে পুলিশ। তবে স্মারকলিপি প্রদান শেষে পুলিশকে কর্মীদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান সোহেল। পরে পুলিশ নগর বিএনপির কর্মীদের ছেড়ে দেন।

কর্মসূচিতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক এএফএম আবদুল আলীম নকী প্রমুখ উপস্থিত ছিলেন।