ঢাকার ধামরাই-বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসে পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোররাতে ডাকাতরা অফিসের স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও হাত পা বেঁধে রাখে।
এ সময় ৬টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, নগদ টাকা ও মোবাইল সেট কাপড়-চোপড়সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ছাড়া ডাকাতদের মারধরে আহত হয়েছে অন্তত ৪ জন। এদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন অভিযোগ কেন্দ্র ও সাব স্টেশন অফিস উপজেলার বালিয়ায় ভোর রাতে ১২/১৫ জনের একদল লোক পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে এ অফিসে মামলার আসামি আছে তদন্ত করতে হবে- এ কথা বলে প্রথমে অফিসে কর্মরত স্টাফদের শয়নকক্ষে প্রবেশ করে ওই কক্ষে থাকা ইঞ্জিনিয়ার লাইনম্যানসহ ৪ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ব্যাপক মারধর করে।
এ সময় ডাকাতরা ৬টি ট্রান্সফরমার, তার, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, মোবাইল সেট, নগদ টাকা ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আহত ৪ জনের মধ্যে লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
খবর পেয়ে ধামরাই থানাধীন কাওয়ামীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, কয়েকটি ট্রান্সফরমারের ভেতরের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ডাকাতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অফিসের ভেতরে ঢুকে স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে ট্রান্সফরমারসহ তার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. হারুন বলেন, এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা থানা-পুলিশকে জানিয়েছি। মামলা করবো। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসেব করে বলতে হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।