করোনায় বেকারত্ব: মুক্তি পেতে যুবকের আত্মহত্যা

রাজধানীর শাহজাহানপুর রেলগেটে মালবাহী ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আহমেদ কিরণ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, গত দেড় বছর ধরে বেকার ছিলেন ইলিয়াস আহমেদ। চার সন্তান ও স্ত্রী নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এ সব কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ফলে সে আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের।

ইলিয়াস আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ইব্রাহিম খলিল জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলগেটে কমলাপুরগামী একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথায়ও আঘাত পান। তখন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।

ইলিয়াস আহমেদের ভগ্নিপতি মোস্তফা কামাল জানান, ইলিয়াসের বাড়ি নোয়াখালী কবিরহাট উপজেলার নরউত্তমপুর গ্রামে। তার বাবা মৃত গোলাম মুস্তফা। স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ভাড়া থাকতেন। আগে সাইনবোর্ড, ব্যানারের ব্যবসা করতেন তিনি। তবে গত এক-দেড় বছর ধরে তিনি ছিলেন বেকার। বেকারত্বের কারণে এত বড় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই তার দুর্ঘটনার খবর শুনতে পাই।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।