গত মাসে সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ টুর্নামেন্টের রিকার্ভ মিক্সড ডাবলসে রুপা জিতেছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। কিন্তু ফ্রান্সে সেই ধারা অব্যাহত রাখতে পারলেন তারা। আর্চারি বিশ্বকাপ স্টেজ-৩ টুর্নামেন্টে কাল তারা সেরা ১২’র লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের জুটির কাছে হেরে বিদায় নেন আগামী মাসে টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া দুই আর্চার। তারা কাল হেরে গেছেন ৫-১ সেট পয়েন্টে।
টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান। বিশ্ব আর্চারি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশেষ আমন্ত্রণে টোকিওতে খেলবেন দিয়া। একক ইভেন্ট ছাড়াও মিক্সড ডাবলসে তারা খেলবেন অলিম্পিকে। আজ বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল যুক্তরাষ্ট্রের এবং মহিলা দল মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে।