কর না বাড়িয়ে আদায় বাড়ানোর পরামর্শ চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর বৃদ্ধি করেছে বলে গণমাধ্যমের আলোচনা-সমালোচনা প্রত্যাখ্যান করে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নতুন করের হার বাড়বে না। কর আদায়ের আওতা ও পরিধি বাড়ানো হবে। কোনো ভবন দোতলা থাকা অবস্থায় যে কর দিত এখন যদি তিনতলা, চারতলা বা বহুতল হয়ে যায় তাহলে বর্ধিত অংশের জন্য কর ধার্য কোনোভাবে অযৌক্তিক হয় না। গতকাল বৃহস্পতিবার চসিকের ষষ্ঠ পরিষদের পঞ্চম সাধারণ সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চসিককে নগরবাসীর কর দিয়ে চলতে হয় কিন্তু এই আয় দিয়ে সেবার পরিধি বাড়ানো কিছুতেই সম্ভব নয়। তাই নিজস্ব ভূসম্পত্তিতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন এলাকায় কী ধরনের আয়বর্ধক প্রকল্প করা যায় সেজন্য কাউন্সিলরদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।’